রাজধানীর খিলক্ষেত এলাকার কুড়িল বিশ্বরোড রেললাইনে রাস্তা পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (আনুমানিক ৪০ বছর) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
রেলওয়ে থানার কনস্টেবল মো: সাজবীর জানান, বিকেল সাড়ে ৫টার দিকে কুড়িল বিশ্বরোড রেললাইনে রাস্তা পারাপারের সময় একটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তি গুরুতর আহত হন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাশটি বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পরিদর্শক হাবিবুর রহমান আরো বলেন, ‘নিহত ব্যক্তির আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) ও প্রযুক্তির সহায়তায় নাম-পরিচয় শনাক্তের জন্য সিআইডি ক্রাইমসিন টিমকে খবর দেয়া হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে অবগত করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’















