আড়াইহাজারে ডাকাত-পুলিশের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় এক পুলিশসহ আহত হয়েছেন পাঁচজন। মঙ্গলবার রাত পোনে ১টায় উপজেলার গোপালদী বাজারে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে গোপালদী তদন্ত কেন্দ্রের এএসআই সোহরাব হোসেন ডাকাতের গুলিতে আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পোনে ১টার দিকে বাজারের প্রায় সকল দোকান-পাট বন্ধ ছিল। এরই মধ্যে ৩টি স্বর্ণের দোকানের ভেতরে বসে দোকানের কর্মচারীরা কাজ করছিল। ঘটনার সময় স্পীডবোট ও ট্রলার দিয়ে ২০/২৫ জন মুখোশ পরিহিত ডাকাতদল এক সাথে ৩টি দোকানে হানা দেয়। খবর পেয়ে গোপালদী বাজারের ডিউটিরত পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি শুরু করে। পুলিশ ও পাল্টা গুলি করে। ৫/৭ মিনিট চলে ডাকাত-পুলিশ গুলিবিনিময়।

এই খবর চার দিকে ছড়িয়ে পড়লে থানার ওসি আনিচুর রহমান মোল্লার নেতৃত্বে আশপাশের সকল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতদল বাজারের বিপ্লব বিশ্বাস, বলাই সরকার ও আমির হোসেনের দোকান থেকে ১৪ ভরি স্বর্ণ ও ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

গোপালদী বাজার বণিক সমিতির সভাপতি জাকির হোসেন মোল্লা বলেন, সময়মতো পুলিশ না এলে আরো বড় ধরণের ঘটনা ঘটতে পারতো।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, খবর পেয়ে আমরা বাজারের চারদিকে ঘিরে ফেলি। তাই বড় ধরণের কোনো বিপদ হয়নি।

তিনি আরো বলেন, ডাকাতের সাথে গুলিবিনিময় করার সময় ১৭ রাউন্ড গুলি করতে হয়েছে। ডাকাত গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

আহতরা হলো পুলিশের এএসআই সোহরাব (৩৫), ডাকাতের দায়ের কোপে আহত দোকানের কর্মচারী রাজু (২০), কুদ্দুস ( ১৫), সুধাচন্দ্র দাস (২৫) ও বলাই চন্দ্রকে (৫০) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহত পুলিশকে ঢাকা মেডিক্যোলে চিকিৎসা শেষে বাসায় নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।