সুনামগঞ্জের শাল্লায় মা ও দুই ছেলের বিষপান করার খবর পাওয়া গেছে। দুই ছেলে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও মা আখিয়া বেগম হাসপাতালে নেয়ার পথে মারা যান। সোমবার শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
শাল্লা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে প্রতিদিনের মতো সুলতানপুর গ্রামের শামছুল হক জীবিকার জন্য হাওড়ে মাছ ধরতে গেলে তার স্ত্রী আখিয়া বেগম (২৮), ছেলে সিয়াম (১০) ও রবিউলকে (৬) নিয়ে মা আখিয়া বেগম বিষপান করেন। তাদের তিনজনের চিৎকারে পাশের বাড়ির লোকজন গিয়ে তাদের শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পথিমধ্যে মা আখিয়া বেগমের মৃত্যু হয় বলে জানান তার আত্মীয়রা। দুই সন্তান সিয়াম ও রবিউল দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুমন ভূঁইয়া বলেন, সোমবার সকাল ১০টার দিকে মা ও দুই ছেলেকে স্বজনরা হাসপাতালে নিয়ে এলে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, তিনজনের বিষপানের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্সসহ গিয়ে মৃত আখিয়া বেগমের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। একই সাথে তিনজনের বিষপানের প্রাথমিকভাবে কোনো কারণ জানা যায়নি।
