নওগাঁর মান্দায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ফয়েজ উদ্দিন (৪৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পার বানিসর গ্রামের মৃত সাকিম উদ্দিন ওরফে মফিজের ছেলে।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের পারবানিসর গ্রামে এ ঘটনা ঘটে। প্লাস্টার করা ঘরে পানি দিতে গিয়ে বিদ্যুতের লুজতারে জড়িয়ে মারা যান তিনি।
মৃতের ছেলে আয়নাল হক জানান, বাড়িতে কয়েক দিন ধরে নির্মাণ শ্রমিকরা প্লাস্টারের কাজ করছিলেন। এ কারণে ঘরে বিদ্যুতের তার ছড়িয়ে ছিল। বুধবার বিকেলে বাবা ঘরের প্লাস্টারে পানি দিয়ে নতুন প্লাস্টার ভেজাতে গিয়ে অসাবধানবশত বিদ্যুতের লুজতারে জড়িয়ে যান। মেইন সুইস বন্ধ করে তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।
স্থানীয় পরানপুর ইউপি চেয়ারম্যান ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।








