ভোলাহাটে স্থানীয় এনজিও মাইডসের এমডি বেলাল উদ্দিন (৪৫) কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। ১১ ফেব্রুয়ারি শুক্রবার ভোরে উপজেলার পঞ্চানন্দপুর গ্রামের এমডির নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন দ্রুত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল ১০টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জে মর্গে পাঠানো হয়।
পুলিশ পরিদর্শক তদন্ত রেজওয়ানুল জানান, প্রাথমিক সুরুতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করলে ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, তার কর্মচারী এসরাইল, হেলাল, হাসান, কারিম, মাইনুল, আব্দুর রহমান ডাকু, মিজানসহ অন্যান্যরা এনজিওর কোটি কোটি টাকা লুট করে নেয়। এ ব্যাপারে দীর্ঘদিনের অর্থ জটিলতায় স্থানীয়ভাবে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে তদন্তে বসলে কর্মীদের টাকা লুটের বিষয়টি প্রমাণ পান তদন্ত কমিটি। এ সময় তদন্ত কমিটির সামনে টাকা লুটের সাথে জড়িতরা তাকে মারধরের চেষ্টা চালায়। এ হতাশায় কীটনাশক পানে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। এ ঘটনায় বেলাল উদ্দিনের স্ত্রী সেকিনা বাদি হয়ে থানায় আইনগত সহায়তা চেয়েছেন।
