ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান বলেছেন, আমাকে যদি আপনারা ভোট দিয়ে এমপি নির্বাচন করেন তাহলে আমি কথা দিচ্ছি, সরকারি ট্যাক্সমুক্ত কোনো গাড়ি নেবো না। এছাড়া সরকার এমপিদের বিভিন্ন প্লট বরাদ্দ দেয় কিন্তু আমি তা নেবো না। আমরা ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে এ দেশের মানুষকে এগিয়ে নিয়ে যেতে চাই।

শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার এরশাদ উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনের কেন্দ্র কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী জোরারগঞ্জ থানার আমির নুরুল হুদা হামিদী।

বাংলাদেশ জামায়াত ইসলামী বারইয়ারহাট পৌরসভার আমির মাওলানা আবদুল হান্নানের সভাপতিত্বে ও পৌরসভার সেক্রেটারি নুর উদ্দিন সজিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াত ইসলামী জোরারগঞ্জ থানার সেক্রেটারি মাঈন উদ্দিন, সূরা ও কর্মপরিষদ সদস্য আবু তাহের, নুরুল আলম।

এ সময় ২০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক আবু তাহের ও সদস্য সচিব মাসুদ করিম নির্বাচিত হয়।