বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় গাজীপুরের গাছা থানায় নতুন করে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক শেখ হাসিনা সরকারের শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, খাদ্যমন্ত্রী মো: কামরুল ইসলাম এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে।

গাছা এলাকার সাবেক তিনটি হত্যা মামলায় রোববার (২২ জুন) সকাল ১০টার দিকে মেট্রোপলিটন আদালত-৩-এর বিচারক ওমর হায়দারের আদালতে তাদের হাজির করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আদালতের বিচারক তাদের বিরুদ্ধে গাছা থানায় দায়ের হওয়া নতুন একটি মামলায় গ্রেফতার দেখিয়ে (শ্যোন অ্যারেস্ট) পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গাছা থানাধীন এলাকায় সংঘর্ষে ছয়জন নিহত হন। ওই ঘটনায় গাছা থানায় পৃথক তিনটি হত্যা মামলা দায়ের হয়। এই মামলাগুলোর একটি নতুন তদন্তাধীন মামলায় চারজন হাই-প্রোফাইল রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিকে আসামি করা হয়।

রোববার সকালেই তাদেরকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়। আদালতে হাজিরের সময় আদালতপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী বলেন, ‘সকাল ১০টায় তাদের আদালতে হাজির করা হয়। বিচারক শুনানি শেষে নতুন একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।’

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম বলেন, ‘আদালতের নির্দেশ অনুযায়ী আসামিদের নিরাপত্তা দিয়ে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।’

এ ঘটনায় রাজধানী ও বিভিন্ন জেলায়ও গ্রেফতারের সংখ্যা বাড়ছে। ঢাকায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের পাঁচ নেতা, নাটোরে ১৭ জন নেতাকর্মী এবং বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যানসহ আরো কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্দোলন চলাকালীন সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় আরো নতুন মামলা হতে পারে এবং উচ্চপর্যায়ের রাজনীতিবিদদের বিরুদ্ধেও তদন্তের পরিধি বাড়ানো হচ্ছে।