বরিশালের গৌরনদীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মো: আরাফাত আকন বাবু নামে এক মোটারসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর আরোহী মো: আসাদ সিকারীও আহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার আশোকাঠি ব্রিজের ঢালে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত আরাফাত গৌরনদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মো: হানিফ আকন মাস্টারের ছেলে। আহত আসাদও একই ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম এসকেন্দার সিকারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কুয়াকাটাগামী তাসবিহ পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে আরাফাত ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আসাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাটক বাসটি আটক করে গৌরনদী মডেল থানার এএসআই মিঠুন ও তার সহযোগীদের কাছে হস্তান্তর করেন।

গৌরনদী মডেল থানার ওসি মোহাম্মদ তারিক হাসান রাসেল জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।