বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, ‘জনগণের বিপরীতে গিয়ে নতুন করে স্বৈরাচার হলে জনগণ তাদের পালাতে বাধ্য করবে।’
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আবু হুরাইরাহ আদর্শ দাখিল মাদরাসা মাঠে পৌর জামায়াতের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।
অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, ‘অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, জনগণের বিপরীতে গিয়ে নতুন করে স্বৈরাচার হলে জনগণ তাদের পালাতে বাধ্য করবে। স্বৈরাচার নিক্ষিপ্ত হয়েছিল। তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ভবিষ্যতে কেউ বাংলাদেশের জনগণের দাবির, আশা-আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিলে তাদের অবস্থাও কিন্তু অতীতের মতো হতে পারে। নতুন করে স্বৈরাচার সৃষ্টি হলে জনগণ তাদের আঁস্তাখুড়ে নিক্ষেপ করবে।’
এ সময় বাংলাদেশ থেকে অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, স্বৈরতন্ত্র দূর করে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র তথা সমাজ গঠনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
পৌর জামায়াতের আমির রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন, নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামানসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান।
সভা শেষে ৫২’র ভাষা আন্দোলনের সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে মুসল্লিদের ইফতারের আয়োজন করা হয়।




