ফিলিস্তিনের গাজায় চলমান হমলার ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব শায়েখ সাজিদুর রহমান।

সোমবার (৭ এপ্রিল) জোহরের নামাজের পর মজলুম গাজাবাসীর আহ্বানে বিশ্বব্যাপী হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে সমাবেশে তিনি এই দাবি জানান।

এসময় তিনি বলেন, ‘দ্রুত ইসরাইলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে। হত্যাযজ্ঞের বিরুদ্ধে এবং গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে।’

ইসরাইলের গণহত্যাকে মানবতাবিরোধী কাজ উল্লেখ করে তিনি বলেন, ‘নেতানিয়াহু বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী। সমস্ত মানুষের জন্য এই হত্যাযজ্ঞের প্রতিবাদ জানানো জরুরি।’

এ সময় তিনি জিহাদের ডাক দিয়ে প্রয়োজনে ফিলিস্তিন গিয়ে যুদ্ধে অংশ নেয়া আহ্বান জানান।

সমাবেশে হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক মাওলানা আলী আজ্জমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

এর আগে, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।