অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাথে লন্ডনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠক ব্যর্থ হলে দেশে সেনাশাসন আসতে পারে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক ভূমি রাজনৈতিক নিরাপত্তা বিশ্লেষক ও জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শামীম কামাল।

বৃহস্পতিবার (১২ জুন) রাত ৯টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠে ভিন্ন দল থেকে শতাধিক ব্যক্তির দলে যোগদান ও কর্মী সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শামীম কামাল বলেন, ‘ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিএনপির তুলনামূলক জনপ্রিয়তা কমে গেছে। বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিএনপি এককভাবে ক্ষমতায় যেতে পারবে না।’

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দুর্নীতি, ও আগামী নির্বাচন নিয়ে মতামত জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমরা বিপ্লব বিপ্লব বলে চিৎকার করছি অথচ দুর্নীতি ও অনিয়ম আগের চেয়ে কয়েকগুণ বেড়েছে। আওয়ামী লীগ সহজে ফিরে আসার সুযোগ নেই কিন্তু তারা যে পরিমাণ অর্থ পাচার করেছে সেই অর্থের একটি অংশ যদি কোনো সিন্ডিকেটের মাধ্যমে ব্যবহার করে তাহলে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরতেও পারে। সরকারের সাথে বিএনপির দূরত্ব যত বাড়বে আওয়ামী লীগ ফিরে আসার পথ তত সহজ হবে এবং এতে বিএনপিই ক্ষতিগ্রস্ত হবে। বিএনপিসহ সকল রাজনৈতিক দল সরকারকে সহযোগিতা করতে হবে।’

এ সময় কালীগঞ্জ উপজেলা জনতার দল সভাপতি আমিনুল হক মোহন, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান লাল্টু, বদিউজ্জামানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।