নারায়ণগঞ্জে ট্রাকস্ট্যান্ড নির্মাণের নামে আন্তর্জাতিক স্টেডিয়ামের সৌন্দর্য্য বিনষ্ট, এলাকার যানজট, শব্দদূষণ ও বায়ুদূষণ সৃষ্টির পাঁয়তারা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন শিবু মার্কেট লামাপাড়া ও সস্তাপুর এলাকাবাসী।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়ায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমাদের জীবনের ওপর করাত চালিয়ে ট্রাকস্ট্যান্ড নির্মাণ করতে দেয়া হবে না। এখানে আন্তর্জাতিক স্টেডিয়াম, পরিবেশ অধিদফতরের কার্যালয় রয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রয়েছে অথচ এইখানে অভিশপ্ত ট্রাকস্ট্যান্ড নির্মাণ করা হচ্ছে কার ইশারায় কার শেল্টারে।’

তারা আরো বলেন, ‘কোনো আবাসিক এলাকায় কিংবা স্টেডিয়ামের সামনে ট্রাকস্ট্যান্ড করা সম্পূর্ণরূপে অযৌক্তিক। লামাপাড়া ও সস্তাপুর এলাকাবাসীর সুস্থ জীবন যাপনের স্বার্থে ট্রাকস্ট্যান্ডটি না করতে দেয়ার জন্য জেলা প্রশাসনসহ, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি।’

মানববন্ধনে সস্তাপুর ও লামাপাড়া এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন চলার সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।