রাজধানীর খিলক্ষেতে ডিবি পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি, তবে তাদের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫৫ বছরের মধ্যে।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে খিলক্ষেত থানাধীন কুড়িল বিশ্বরোড বিআরটিসি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় ওই দুজনকে উদ্ধার করে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এসআই মাহবুব আলম জানান, অজ্ঞাতনামা ওই দুইজনের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫৫’র মধ্যে। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। তবে তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।