ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) সাথে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিৎসা নিতে এসেছেন কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের ৩০ জন শিক্ষার্থী।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে ড. মাহবুবুর মোল্লা কলেজের সামনে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের এ সংঘর্ষ শুরু হয়।

আহত হয়েছেন নাইম (২০), সিয়াম (১৯), মোল্লা সোহাগ (১৮) রাজিম (১৭), শরিফুল (১৭), জাহিদ (২৫), মোস্তফা (২৩), রাতুল (২১), শফিকুল ইসলাম (২৬), মেহেদী হাসান (২৪), সজিব বেপারী (২৮), ফয়সাল (১৯), সাগর (২১), ইমন (২৪) ও সিয়ামসহ (১৮) মোট ৩০ জন।

চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীদের বিষয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসাপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড. মাহমুদ বলেন, ‘এখন পর্যন্ত ৩০ জন এসেছে আমাদের কাছে। এরমধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। ১০ জনের ভেতর কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজে রেফার করেছি। তাদের সেখানে ভর্তি হতে হবে।’