জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, ‘হিজাব শুধু নারীদের অধিকার নয় বরং এটি সভ্যতার উপাদানও বটে।’
বুধবার (৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক হিজাব দিবস উপলক্ষে আয়োজিত র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন।
এ দিন বেলা সোয়া ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবন থেকে র্যালি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। আন্তর্জাতিক হিজাব দিবস উপলক্ষে এ র্যালির আয়োজন করে ‘কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব’ (ফিমেল সেকশন) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
সমাবেশে দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা বলেন, ‘মুসলিম প্রধান একটি দেশে হিজাব পরার অধিকারের জন্য আমাদের দাবি জানাতে হয়, এটি একই সাথে হাস্যকর ও বেদনাদায়ক। ইসলামে যেখানে হিজাব ফরজ, সেখানে কেন আমাদের এটি পরার জন্য লড়াই করতে হবে? হিজাবকেও পোশাকের স্বাধীনতার অংশ হিসেবে দেখতে হবে। অতীতে আমাদের ইসলামি বিধি-নিষেধ মানার জন্য বিভিন্ন ট্যাগের শিকার হতে হয়েছে। আমরা এসব ট্যাগ থেকে মুক্তি চাই।’
উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক শামীমা নাসরিন জলি বলেন, ‘গত ১২ বছর ধরে বিশ্বব্যাপী আন্তর্জাতিক হিজাব দিবস পালিত হলেও বাংলাদেশে এবারই প্রথম উদযাপিত হলো। সমাজে এখনো হিজাব পরার কারণে নারীরা লাঞ্ছিত হন, সেই বাস্তবতার প্রতিবাদ ও সচেতনতা তৈরির লক্ষেই আমাদের এই আয়োজন। হিজাব আমাদের অধিকার, এটি আধুনিকতাও বটে।’
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান বলেন, ‘মায়ের দুধ পান করা যেমন সন্তানের অধিকার, তেমনি হিজাব পরাও নারীদের অধিকার। তবে দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখন এই মৌলিক বিষয়গুলোও বারবার স্মরণ করিয়ে দিতে হচ্ছে। আমাদের দায়িত্ব হলো নারীদের অধিকার নিশ্চিত করা।’
সমাবেশে ভিসি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘একজন পাশ্চাত্য নারী অধিকারকর্মীর বক্তব্য শুনে আমার মধ্যে নতুন উপলব্ধি এসেছে। তিনি বলেছেন, মানব সভ্যতার বিকাশের সাথে কাপড় পরিধানের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। অর্থাৎ, সভ্যতার প্রাক-যুগে মানুষ কাপড় পরত না। সভ্যতার অগ্রগতির সাথে মানুষ শালীনতা ও পোশাক-পরিধান শিখেছে। তাহলে কেউ যদি শালীনতার অংশ হিসেবে হিজাবকে ধারণ করে, সেটি কিভাবে সভ্যতার পরিপন্থী হতে পারে? হিজাব শুধু নারীদের অধিকার নয়, এটি সভ্যতারও একটি উপাদান।’
আয়োজিত র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে একটি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।



