বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন এক হাজার ৮৪ জন।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো: ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতির বিষয়ে জানানো হয়।
এতে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাদের পদায়ন না করা পর্যন্ত বর্তমান পদে তারা দায়িত্ব পালন করবেন। এছাড়াও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর কর্তৃক প্রকাশিত নির্দেশনা অনুযায়ী কর্মকর্তাদের বিমুক্তি যোগদান প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা বলছেন, তিন বছরের বেশি সময় ঝুলে থাকার পর পদোন্নতির জট খুলেছে। ২২, ২৪ এবং ২৬-এ তিনটি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ব্যাচ থেকে মোট তিন হাজার ২৫৪ জনকে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেয়ার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে তালিকা পাঠানো হয়। সেখান থেকে এক হাজার ৮৪ জনকে পদোন্নতি দেয়া হয়েছে।
এর আগে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে একাধিক বৈঠক করা হয়। এতে অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অসঙ্গতি, আত্তীকৃত শিক্ষকদের মামলা সংক্রান্ত ঝামেলা ও ভুল-ভ্রান্তি থাকায় চূড়ান্ত সিদ্ধান্তে নিতে দেরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পদোন্নতি প্রসঙ্গে পদোন্নতি কমিটির সভাপতি এবং মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন বলেন, কিছু জটিলতার পর কাঙ্খিত পদোন্নতি দেয়া হয়েছে। শিগগিরই প্রভাষক থেকে সহযোগী অধ্যাপক পদোন্নতির কাজ শুরু করা হবে।





