বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত ২০২১ সালের এইচএসসি ও মাস্টার্স অব ডিজএ্যাবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন (এমডিএমআর) প্রোগামের ১ম বর্ষ ২য় সেমিস্টার (২০২১ ব্যাচের) পরীক্ষা আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে।
সোমবার বাউবি তথ্য ও গণসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. মেজবাহ উদ্দিন তুহিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
বাউবির অধীন এইচএসসি পরীক্ষা সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের মোট ৩২৬টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষের মোট এক লাখ ৩৬ হাজার নয় শ' ৬২ পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এরমধ্যে ৮১ হাজার আট শ' ৯৬ জন পুরুষ ও ৫৫ হাজার ৬৬ জন নারী।
পরীক্ষা শুধু শুক্র ও শনিবার সকাল ও বিকালে অনুষ্ঠিত হবে। আগামী ৮ জানুয়ারি, ২০২২ পরীক্ষা শেষ হবে।
অপরদিকে বাউবির এমডিএমআর পরীক্ষা শুক্রবার শুরু হচ্ছে। সপ্তাহে দুই দিন শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১ জানুয়ারি এই পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে।






