ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ পূর্তিতে গরীব, অসহায় ও হত-দরিদ্রদের মাঝে একশত কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কর্নিয়া ফাউন্ডেশন।

শুক্রবার গভীর রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ফুটপাতে অবস্থানকারী ভিক্ষুক, পাগল, প্রতিবন্ধী, দিনমজুর ও রিকশাচালকদের মাঝে এসব কম্বল বিতরণ করেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক কালিমুল্লা আল কাফী।

কালিমুল্লা আল কাফী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে মিশে রয়েছে। বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ পূর্তি উৎযাপন করে। শতবর্ষ পূর্তির আনন্দে আমরা এই ক্যাম্পাসে অবস্থানকারী অসহায় মানুষগুলোর জন্যে কম্বল বিতরণ করতে পেরে প্রশান্তি অনুভব করছি। আমরা চেষ্টা করেছি ক্যাম্পাসের সকল হতদরিদ্র মানুষের হাতে কম্বল পৌঁছে দিতে।’

তিনি আরও বলেন, 'কর্নিয়া ফাউন্ডেশন করোনার শুরু থেকে এখন পর্যন্ত অসহায় ও দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বিভিন্ন উৎসবে অসহায় মানুষের মাঝে আনন্দ ভাগাভাগি করতে আমরা উদ্যোগ নেই। প্রাকৃতিক দূর্যোগে ত্রাণ, দরিদ্র শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয়, শিক্ষামূলক কাজ, বৃক্ষরোপণ, সামাজিক পরিবর্তনে আমরা বিভিন্ন উদ্যোগে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যানে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ।'

কম্বল বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় প্রচার ও দপ্তর সম্পাদক সৈয়দ জোনায়েদ হোসেন, ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক রুবেল হাসান, দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম, সদস্য নুরুজ্জামান মাহমুদ বায়জিদ, আহশানুর রশিদ উৎস, লিটন ইসলাম, মোনায়েম হোসেনসহ আরও অনেকে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী এই সংগঠনের সাথে যুক্ত থেকে, বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রেখেছে। এছাড়াও দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগঠনটিতে স্বেচ্ছায় শ্রম দিয়ে দেশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছে।