কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বর্তমান রেজিস্ট্রারের অপসারণ দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি কর্মকর্তাদের মধ্য থেকেই রেজিস্ট্রার পদে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বুধবার সন্ধ্যায় কুবি ভিসি বরাবর পৃথকভাবে স্মারকলিপি প্রদান করে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতি, তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ ও বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ। এসময় বর্তমান রেজিস্ট্রারের কক্ষের সামনে তারা অবস্থান করেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা মোতাবেক ও আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মকর্তা ফেডারেশনের দাবির সঙ্গে একমত পোষণ করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের থেকে ‘রেজিস্ট্রার’ পদের দায়িত্বের দাবি জানানো হয় ওই স্মারকলিপিতে।

তবে ভিসি দফতরের সহকারী রেজিস্ট্রার হোসাইন মোর্শেদ ফরহাদ বলেন, ভিসির দফতরে কোনো স্বারকলিপি দেওয়া হয়নি।

কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ বলেন, ‘কিছু দাবি-দাওয়াসহ কর্মকর্তা থেকে রেজিস্ট্রার দেওয়ার বিষয়ে আমরা ভিসি বরাবর স্বারকলিপি দিয়েছি।’

তবে রেজিস্ট্রার রুমের সামনে অবস্থানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটির সঙ্গে রেজিস্ট্রারের কোনো সম্পর্ক নেই। কেন রেজিস্ট্রারের রুমের সামনে অবস্থান করেছে সেটা আমি জানি না।’

এ বিষয়ে কর্মকর্তা পরিষদের সভাপতি মো. আবু তাহের বলেন, ‘আমরা রেজিস্ট্রার অপসারণের দাবি জানিয়েছি। বর্তমান রেজিস্ট্রার গত চার বছর ধরে আমাদের কোনো দাবি দাওয়া পূরণ করেননি। দেড়-দুই বছর ধরে আমাদের ঘুরাচ্ছেন। আমাদের দাবি কর্মকর্তা থেকে রেজিস্ট্রার দিতে হবে।’

তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের সভাপতি দীপক মজুমদার বলেন, ‘প্রায় তিন বছর ধরে আমাদের পদোন্নতি ও নীতিমালা প্রয়োজনীয় সংশোধনে বিভিন্ন অজুহাতে কালক্ষেপণের মাধ্যমে কর্মচারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছেন। এই অসন্তুষ্টির জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দায়ী বলে মনে করছি। আমাদের দাবি যদি তিন কর্মদিবসের মধ্যে মানা না হয় তাহলে চতুর্থ কর্ম দিবস থেকে কর্মবিরতি কর্মসূচি পালন করবো।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘ভিসি বরাবর কিছু দাবি-দাওয়া নিয়ে স্বারকলিপি দিয়েছেন বলে তারা দাবি করেছেন। এখানে পদোন্নতি নীতিমালা সংক্রান্ত দাবি রয়েছে। এগুলো আমি ভিসির সাথে আলোচনা করবো। এছাড়া তারা স্বারকলিপিতে আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। মানহানিকর মন্তব্যের বিষয়ে আমি নিয়মানুযায়ী পদক্ষেপ নেবো।’