ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভিত্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সারা বছরের কার্যক্রম ও আর্থিক হিসাব তলব করেছে টিএসসি কর্তৃপক্ষ।
রোববার টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ আকবর আলী টিএসসির সকল সংগঠনগুলোকে এই মর্মে একটি চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়- সংগঠনের বর্তমান কমিটি, সারা বছরের কার্যক্রম, সর্বশেষ নির্বাচনের তারিখ, সদস্য তালিকা, বার্ষিক আর্থিক বিবরণী সংক্রান্ত তথ্য সংগঠনের স্বচ্ছতার স্বার্থে টিএসসির অফিসে থাকা প্রয়োজন। বর্তমানে বেশ কিছু সংগঠন নিয়মিত এসব তথ্য প্রদান করছে না। কিন্তু বিভিন্ন কারণে এ তথ্যের প্রয়োজন হয়। তাই বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক এই অর্থবছর থেকে মডারেটরের সত্যায়িত করা এসব তথ্যাদি জমা না দিলে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত অর্থ উত্তোলনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে।
এছাড়াও চিঠিতে আগামী ৩০ অক্টোবরের মধ্যে সংগঠনগুলোকে প্রয়োজনীয় তথ্য ছাত্র-শিক্ষক কেন্দ্রের অফিসে পাঠাতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট নয়া দিগন্তে টিএসসির সংগঠনগুলোর কার্যক্রম, আর্থিক স্বচ্ছতা ও বিভিন্ন বিষয় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।



