মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্যোগে ‘ড্রাগ ডিসকভারি অ্যান্ড ডেভেলপমেন্ট-মলিকুলার বায়োলজি পার্সপেক্টিভ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় সেমিনারে প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসির অন্যতম স্টান্ডিং কমিটি কমসটেক-এর প্রখ্যাত গবেষক প্রফেসর ড. আতিয়া-তুল-ওয়াহাব।
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য প্রফেসর ড. মো: মোজাম্মেল হক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো: মিজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক ভিসি প্রফেসর ড. এম উমার আলী।
ফার্মেসি বিভাগের শিক্ষক রেশমা খাতুনের সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের প্রফেসর ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফার্মেসি বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. মুনিরা আহসান এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রফেসর ড. শামসুন্নাহার খান।
সেমিনারে বক্তারা স্বাস্থ্য সুরক্ষায় আণবিক জীববিজ্ঞানের ওপর ভিত্তি করে নতুন নতুন ওষুধ আবিষ্কার, উন্নয়ন, গবেষণা, রাসায়নিক বিশ্লেষণ, প্রযুক্তির ব্যবহার ইত্যাদি বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা রাখেন।
এ সময় প্রধান অতিথি প্রফেসর ড. মো: মোজাম্মেল হক মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ও গবেষণাকর্মের উন্নয়নে প্রধান আলোচক প্রফেসর ড. আতিয়া-তুল-ওয়াহাবের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
প্রফেসর ড. আতিয়া-তুল-ওয়াহাব সেমিনারে আমন্ত্রণ জানানোর জন্য মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ও গবেষণাকর্মের উন্নয়নে তার যেকোনো ধরনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সেমিনার শেষে প্রফেসর ড. মো: মোজাম্মেল হক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রফেসর ড. আতিয়া-তুল-ওয়াহাবকে ক্রেস্ট প্রদান করেন।






