জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মুজিব পরিবারের সদস্যদের নামে থাকা সব স্থাপনার নাম পরিবর্তন করে নতুন নাম দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো: মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শেখ রাসেল শিশুপার্কের নাম পরিবর্তন করা হয়েছে। একই সিদ্ধান্তের আওতায় বিশ্ববিদ্যালয়ের অন্য কিছু স্থাপনারও নতুন নামকরণ করা হয়। বঙ্গবন্ধু (কেন্দ্রীয় গ্রন্থাগার ও হলগুলোর) কর্নারের নতুন নাম রাখা হয়েছে ‘নজরুল কর্নার’। বিশ্ববিদ্যালয়ের ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের’ নাম পরিবর্তন করে ‘বিদ্রোহী হল’ এবং ছাত্রীদের ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের’ পরিবর্তে রাখা হয়েছে ‘শিউলিমালা হল’।

এছাড়া ‘শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠের’ নামকরণ করা হয়েছে ‘বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ’ এবং ‘বঙ্গবন্ধু স্কয়ারের’ নাম দেয়া হয়েছে ‘জুলাই বিপ্লব-২০২৪ স্কয়ার’।

গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্কয়ারে স্থাপিত মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে দেয়। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের দাবি জানায়। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভায় এসব স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়।