জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) কেন্দ্রে প্রায় ৯৬ শতাংশ উপস্থিতি ছিল।

শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে ভর্তি পরীক্ষার সময় কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম।

এ সময় ভিজিল্যান্স উপ-কমিটির সদস্য প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো: মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন ভিসি। এ সময় তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষা সুন্দরভাবে আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রসাশন কয়েক মাস আগে থেকেই বিভিন্ন প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিল। সকলের সহযোগিতায় পরীক্ষা সুন্দরভাবে শেষ হয়েছে।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ‘সি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্র ও তার আশপাশে ১৪৪ ধারা কার্যকর ছিল।

এছাড়া ময়মনসিংহ ও ভালুকা হতে পরীক্ষার্থীদের আসা ও যাওয়ার জন্য পর্যাপ্ত বাস সার্ভিস ব্যবস্থাসহ রাস্তার যানযট নিয়ন্ত্রণ ও নিরবিচ্ছন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯০৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৮৭১ জন। অনুপস্থিত ছিলেন ৩৭ জন। উপস্থিতির হার ৯৫.৯৩ শতাংশ।