রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এফবিজেএ)। একই সাথে ঘটনার বিষয়ে দ্রুত, নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে এসব কথা জানান এফবিজেএর যোগাযোগ ও জনসংযোগ সেলের পক্ষে নিয়াজ মাহমুদ ও মোমিন আনসারি।

বিবৃতিতে বলা হয়, গত ৪ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘটিত হামলায় ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন ক্যাম্পাস সাংবাদিক রয়েছেন। তারা হলেন—আগামীর সময়-এর জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টার-এর নুর আহসান মৃধুল, bdnews24.com-এর আরিফুজ্জামান কোরবান এবং সমকাল-এর মাইনুল ইসলাম রাজু।

এফবিজেএর বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের প্রতিবেদন ও ভিডিও ফুটেজ অনুযায়ী, শহীদ জিয়াউর রহমান হলের বাইরে ঘটে যাওয়া ঘটনাবলি সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা করা হয়। সংগঠনটি বলেছে, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা সংবাদমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং জনগণের জানার অধিকারের ওপর আঘাত।

বিবৃতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত, নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ ও অন্যান্য ভিডিও প্রমাণ সংরক্ষণ, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে এফবিজেএ।

এফবিজেএ জাতীয়তাবাদী ছাত্রদল (জেসিডি) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বের প্রতিও সাংবাদিকদের ওপর সহিংসতার নিন্দা জানানো এবং ঘটনায় দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, অতীতে বাংলাদেশ ছাত্রলীগের (বিসিএল) সাথে যুক্ত সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের সংস্কৃতির পুনরাবৃত্তি যেন ছাত্রদলের ব্যানারে না ঘটে, তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট নেতৃত্বের।

এফবিজেএ বলেছে, বাংলাদেশে পুরোনো কোনো সংস্কৃতির পরিবর্তে ভয়ভীতি ও দায়মুক্তির নতুন সংস্কৃতি প্রতিষ্ঠিত হওয়া উচিত নয়। রাজনৈতিক পরিচয় বা সংশ্লিষ্টতা যেন কাউকে জবাবদিহি থেকে রক্ষা করার সুযোগ না দেয়—এমন আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, জনস্বার্থে সংবাদ পরিবেশনের কারণে কোনো সাংবাদিককে সহিংসতা, হুমকি বা প্রতিশোধের শিকার হওয়া উচিত নয়।