সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মো: সজিব (২৫) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। 

নিহত সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। 

সৌদি আরবে কর্মরত আল আমিন নামে এক বাংলাদেশী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর সৌদি আরবে সংঘটিত ক্ষেপণাস্ত্র হামলায় সজিব ঘটনাস্থলেই নিহত হন। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবের জুবাইল শহরে কর্মরত ছিলেন।

পরিবারের স্বচ্ছলতার আশায় সজিব কয়েক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে কর্মরত অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলায় তার মর্মান্তিক মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

স্বজনরা জানান, পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য প্রবাসে গিয়ে কঠোর পরিশ্রম করছিলেন সজিব। কিন্তু কর্মস্থলে থাকা অবস্থায় আকস্মিক হামলায় তার মৃত্যুতে পরিবারটি গভীর শোকের মধ্যে পড়েছে।

এদিকে নিহত সজিবের লাশ দ্রুত দেশে ফিরিয়ে এনে দাফন সম্পন্ন করার বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হচ্ছে। 

লাশ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহযোগিতা ও দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।