নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান রনিকে ফতুল্লা থানা পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার রাত ১০টা ৪৫মিনিটের দিকে রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নয়া দিগন্তকে জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

জুয়েল বলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে রাত পৌনে এগারটার দিকে রাজধানীর মগবাজার এলাকায় থেকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ। আমরা এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি।

এদিকে মশিউর রহমান রনিকে গ্রেফতার করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

ফজলুর রহমান খোকন ও ইকবাল হোসেন শ্যামল বলেন, এই সরকার ছাত্রদলের কার্যক্রম ও গণতান্ত্রিক আন্দোলনের অগ্রগতিকে বিলম্বিত করার জন্য বিরোধী নেতাকর্মীদের ওপর একের পর এক গ্রেফতার, গুম, হত্যা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় মশিউর রহমান রনিকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা মশিউর রহমান রনিকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তার মুক্তি দাবি করছি।

গ্রেফতারের বিষয়ে ফতুল্লা থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর হুমায়ুন কবির জানান, কাগজে-কলমে এখন পর্যন্ত গ্রেফতারের কোনো তথ্য পাইনি।