মা হলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহান। বৃহস্পতিবার পুত্রসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী-সাংসদ। পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে এদিন দুপুর ১টার দিকে সন্তানের জন্ম দেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মা ও সন্তান সুস্থ রয়েছে। তাদের পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
জানা গেছে, প্রসবের সময় নুসরাতের ইচ্ছা অনুযায়ী পাশে ছিলেন বর্তমান সঙ্গী যশ দাশগুপ্ত। তবে সন্তানের জন্মের বিষয়ে এখনো কিছু বলেননি তারা।
উল্লেখ্য, ২০১৯ সালে নুসরাত জাহান ভালোবেসে বিয়ে করেছিলেন ব্যবসায়ী নিখিল জৈনকে। তবে বছর গড়াতেই তারা আলাদা হয়ে যান। নুসরাত জানান, রেজিস্ট্রি করে নয়, কেবল ধর্মীয় রীতিতেই বিয়ে করেছিলেন তারা। সেজন্য আইনি প্রক্রিয়ায় বিচ্ছেদের প্রয়োজন বোধ করেননি অভিনেত্রী। যদিও এ বিষয়ে একটি মামলা দায়ের করেছেন নিখিল। সেটি এখনো চলমান রয়েছে।
এদিকে, নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গে নিখিল আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না। তিনি বলেন, ‘নুসরাতের সাথে দীর্ঘদিন আমার কোনো সম্পর্ক নেই। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে এই সন্তান আমার নয়।’
সন্তানের পিতৃপরিচয় নিয়ে নুসরাত কোনোদিন মুখ না খুললেও নিখিলের অত্যন্ত ঘনিষ্ঠমহল থেকে জানা গেছে, এই সন্তানের বাবা অভিনেতা যশ দাশগুপ্ত।
যা বললেন নিখিল জৈন
সন্তান হওয়ার সময় যশ দাশগুপ্ত নুসরাতের সাথে থাকলেও পুত্রসন্তানের বাবা কে, সে কথা আজও প্রকাশ্যে আসেনি। এ প্রসঙ্গে আনন্দাবাজার অনলাইন নুসরাতের সাবেক স্বামী নিখিল জৈনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি জানি নুসরাতের ছেলে হয়েছে। কিন্তু নুসরাতকে আমি এ নিয়ে আলাদা করে ফোন দিতে বা যোগাযোগ করতে চাই না। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তবে কামনা করি, সুস্থ থাকুক ছেলে, সুন্দর করে বড় হয়ে ওঠুক। অনেক শুভেচ্ছা জানাচ্ছি।’
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার পত্রিকা






