যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের রাজধানী তালাহৌসির একটি যোগব্যায়াম স্টুডিওতে শুক্রবার বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। পাশাপাশি হামলা চালানোর পর বন্দুকধারী নিজেও আত্মহত্যা করে। স্থানীয় পুলিশ প্রধান মাইকেল ডিলিও বন্দুক হামলার কথা নিশ্চিত করেন। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

হামলার ঘটনার পর পুলিশ প্রধান মাইকেল ডিলিও সংবাদ সম্মেলনে বলেন,‘স্থানীয় সময় বিকেলে ৫টা ৪৭ মিনিটের দিকে তালাহৌসি পুলিশ বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।’

তিনি আরো বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেই গুলিবিদ্ধ পাঁচজনকে নিকটস্থ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসা নেয়ার সময় দুইজন মারা যায়।

একজন হামলাকারীই এ হামলা চালিয়েছে বলে মনে হচ্ছে।