যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরাইলের প্রতি দেয়া তার প্রতিশ্রুতি দৃঢ়ভাবে সুরক্ষিত রয়েছে। সোমবার মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজে ইসরাইলের প্রেসিডেন্ট রিওভেন রিভলিনের সাথে এক বৈঠকে এই মন্তব্য করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই ইসরাইলের শীর্ষ কোনো নেতার সাথে জো বাইডেনের প্রথম বৈঠক।

বৈঠকে বাইডেন ইসরাইলি প্রেসিডেন্টকে বলেন, 'ইসরাইলের প্রতি আমার প্রতিশ্রুতি লোহায় মোড়ানো। সুতরাং আমি আপনাকে বলতে পারি, আমার চোখের সামনে ইরান কখনোই পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না।'

মার্কিন প্রেসিডেন্ট বৈঠকে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোর সাথে স্বাভাবিক সম্পর্ক স্থাপনে ইসরাইলের চুক্তির প্রতি সমর্থন প্রকাশ করেন। পাশাপাশি শিগগির নতুন ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের সাথে সাক্ষাতের প্রত্যাশা জানান তিনি।

বৈঠকে ইসরাইলের বিদায়ী প্রেসিডেন্ট রিওভেন রিভলিন বলেন, যুক্তরাষ্ট্রের চেয়ে উত্তম কোনো বন্ধু ও মিত্র ইসরাইলের নেই।

তিনি আরো বলেন, ইসরাইলের আত্মরক্ষার প্রতি বাইডেনের অটল প্রতিশ্রুতির ঘোষণা ইসরাইলিদের বার্তা দিয়েছে 'হোয়াইট হাউজে আমাদের একজন ভালো বন্ধু রয়েছে।'

ইসরাইলের প্রেসিডেন্ট হিসেবে রিওভেন রিভলিনের এটি শেষ যুক্তরাষ্ট্র সফর। আগামী ৯ জুলাই সাত বছর দায়িত্ব পালনের পর নতুন নির্বাচিত আইজ্যাক হ্যারজগের কাছে তিনি দায়িত্ব হস্তান্তর করবেন।

সূত্র : রয়টার্স ও ভয়েস অব আমেরিকা