সিরিয়ার দেইর আজ-জর প্রদেশের বাগুজ শহরে ২০১৯ সালের ১৮ মার্চ মার্কিন বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আইন পরিষদ কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সদস্য এলিজাবেথ ওয়ারেন।

শুক্রবার সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান জ্যাক রিডকে লেখা এক চিঠিতে এই আহ্বান করেন তিনি।

চিঠিতে ম্যাসাচুসেটস থেকে নির্বাচিত ডেমোক্রেট দলীয় এই সিনেটর বলেন, কেন ওই বিমান হামলা চালানো হয়েছে এবং তার ফলাফল কী ছিল এসব প্রশ্নের জবাব খোঁজার জন্য স্বাধীনভাবে দ্রুত তদন্ত করা দরকার। পাশাপাশি এ ঘটনায় যারা দোষী বলে সাব্যস্ত হবে তাদেরকে আইনের আওতায় আনা জরুরি।

এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসে বাগুজ শহরে মার্কিন বাহিনীর বোমা হামলার বিষয়ে এক প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, ওই বিমান হামলায় ৭০ জন বেসামরিক লোক নিহত হয় এবং মার্কিন বাহিনী বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে।

সূত্র : পার্সটুডে