করোনাভাইরাস সংক্রমণ রোধে টিকা নিতে অস্বীকার করায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ২৭ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে বিমান বাহিনীর মুখপাত্র অ্যান স্টিফানেক এই তথ্য জানান।

এর আগে গত আগস্টে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সামরিক বাহিনীর সকল সদস্যের জন্য করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাধ্যতামূলকভাবে টিকা গ্রহণের আদেশ দেন। আদেশ অনুসারে এই পর্যন্ত সামরিক বাহিনীর বেশিরভাগ সদস্য অন্তত এক ডোজ টিকা নিয়েছেন।

অ্যান স্টিফানেক বলেন, বরখাস্ত হওয়া যেসব সেনা সদস্য করোনাভাইরাসের টিকা নিতে অস্বীকার করেছিলেন, তাদেরকে এর ব্যাখ্যা দেয়ার জন্য সুযোগ দেয়া হয়েছিল। কিন্তু তাদের কেউ এই সুযোগ গ্রহণ করেননি।

তিনি বলেন, বরখাস্ত হওয়া সৈন্যদের কেউ মেডিক্যাল, প্রশাসনিক অথবা ধর্মীয় দায়মুক্তি চায়নি।

স্টিফানেক বলেন, ২০১৯ সাল থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এই মহামারিতে মার্কিন সামরিক বাহিনীর মোট ৭৯ জন পোশাকধারী সদস্য প্রাণ হারিয়েছে।

সূত্র : পার্সটুডে