প্রশান্ত মহাসাগরে রাশিয়ার সমুদ্রসীমায় প্রবেশের পরে যুক্তরাষ্ট্রের এক সাবমেরিনকে ধাওয়া করেছে রুশ যুদ্ধজাহাজ।
শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এই খবর জানায়।
পরে শনিবার এই ঘটনার এক প্রতিবাদপত্র রাশিয়ায় নিযুক্ত মার্কিন সামরিক অ্যাটাশের কাছে পাঠায় প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রাশিয়ায় যুক্তরাষ্ট্রকে এই ঘটনায় আন্তর্জাতিক আইন ভঙ্গ ও রাশিয়ার জাতীয় নিরাপত্তায় হুমকি সৃষ্টির জন্য অভিযুক্ত করে।
এই বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্পুৎনিক বার্তা সংস্থা জানিয়েছে, রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জের কাছে রুশ নৌবাহিনীর মহড়া চলাকালে ওই এলাকায় যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন শনাক্ত করা হয়।
মন্ত্রণালয় বলছে, মার্কিন সাবমেরিনের উসকানিমূলক আচরণ রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছিল। এ অবস্থায় রাশিয়া তার পানিসীমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় যেকোনো ব্যবস্থা নেয়ার অধিকার রাখে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।






