যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে হামলা করে, তবে দেশটিকে ‘নজিরবিহীন’ মূল্য পরিশোধ করতে হবে।
শনিবার জার্মানির মিউনিখে চলমান আন্তর্জাতিক নিরাপত্তা কনফারেন্সের এই কথা বলেন তিনি।
কমলা হ্যারিস বলেন, ‘জাতিগুলোর সীমান্ত শক্তি দিয়ে পরিবর্তন করা উচিত হবে না।’
তিনি বলেন, ‘আমি বলতে পারি রাশিয়া যদি ইউক্রেনে আর কোনো হামলা করে, তবে আমাদের মিত্র ও অংশীদারদের নিয়ে যুক্তরাষ্ট্র লক্ষ্যনীয় ও নজিরবিহীন অর্থনৈতিক চাপ আরোপ করবে।’
কমলা বলেন, ‘আমরা অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তুতি নিয়েছি যা হবে ক্ষিপ্র, তীব্র ও ঐক্যবদ্ধ। আমরা রাশিয়ার অর্থনৈতিক সংস্থা ও প্রধান প্রধান শিল্পে আঘাত হানবো।’
মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, শুধু অর্থনৈতিক ব্যবস্থা নিয়েই ওয়াশিংটন থেমে যাবে না, সাথে সাথে ন্যাটো জোটের পূর্ব প্রান্ত শক্তিশালী করবে।
বক্তব্যে কমলা হ্যারিস জানান, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এখনো কূটনৈতিক সমাধানের পথ খোলা রেখেছেন।
কিন্তু ’রাশিয়ার কাজ তার কথার সাথে সাদৃশ্যপূর্ণ নয়’ বলে জানান তিনি।
এর আগে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে মিউনিখে এই নিরাপত্তা সম্মেলন শুরু হয়।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে ইউক্রেনের প্রাথমিক সদস্যপদ প্রাপ্তির পর রাশিয়া ক্ষিপ্ত হয়। সীমান্ত সংলগ্ন সাবেক উপনিবেশ ইউক্রেনে ন্যাটোর বিস্তারের বিরোধিতা করে আসছে দেশটি।
এর মধ্যেই গত বছরের ডিসেম্বরে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন প্রকাশের পর এই অঞ্চলে নতুন করে উত্তেজনা শুরু হয়।
সূত্র : রয়টার্স






