মক্কায় নিজ বাড়িতে কুরআন শিক্ষা অব্যাহত রেখে সরকারি নির্দেশনা অমান্য করায় এক নারী শিক্ষক ও আলেমকে গ্রেফতার করা হয়েছে। সৌদি আরবে দমনমূলক গ্রেফতারি পর্যবেক্ষণকারী সংস্থা প্রিজনার অব কনশেন্স রোববার এক টুইট বার্তায় আয়েশা আল-মুহাজিরি নামের ওই আলেমকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে।

টুইট বার্তায় সংস্থাটি জানায়, সৌদি গোয়েন্দা বিভাগের ২০ সদস্য ৬৫ বছর বয়সী আয়েশা আল-মুহাজিরিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায়। এই সময় তার সাথে আরো দুই নারীকে গ্রেফতার করা হয়, যাদের একজন ৮০ বছর বয়সী।

সংস্থাটি আরো জানায়, মায়ের সন্ধান নিতে যাওয়ায় নিরাপত্তা বাহিনী আয়েশা আল-মুহাজিরির ছেলেদের গ্রেফতারির হুমকি দিয়েছে।

সংস্থাটি ধারণা করছে, ওই নারী আলেমকে উপকূলীয় শহর জেদ্দার যাহবান কারাগারে আটক রাখা হয়েছে।

এর আগে বিগত কয়েক বছরে সৌদি আরবে বিপুল সংখ্যক আলেম, সামাজিক আন্দোলন কর্মী ও সরকারবিরোধী সমালোচকদের গ্রেফতার করা হয়েছে। সৌদি আরবের বর্তমান প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করায় সালমান আল-আওদাহ, সাফর আল-হাওয়ালি, আইদ আল-কারনি, আলী আল-ওমারি, ওমর আল-মুকবিলসহ আলেম ও বিভিন্ন পেশাজীবিদের গ্রেফতার করা হয়। এদের অনেকেই সংস্কারপন্থী হিসেবে পরিচিত এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ক্ষমতার পথে হুমকি হিসেবে তাদের বিবেচনা করা হচ্ছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর