পুনরায় সিরিয়ার সংলগ্ন সীমান্ত খুলে দিয়েছে জর্ডান কর্তৃপক্ষ। বুধবার দু’দেশের বিধ্বস্ত অর্থনীতিকে এগিয়ে নেয়ার জন্য সীমান্ত খুলে দেয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সিরিয়া-জর্ডান সীমান্ত এলাকায় দেখা গেছে যে বহু সিরীয় লরি ও ট্রাক জর্ডানে প্রবেশের জন্য অপেক্ষা করছে। জাবের বর্ডার ক্রসিং (সীমান্ত পারাপার) এলাকায় দেখা গেছে, দু’দেশের পুলিশ সদস্যরা তাদের ডগ স্কোয়াড নিয়ে বিভিন্ন গাড়ি ও যানবাহনে তল্লাশি চালাচ্ছেন। এছাড়াও ট্যাক্সি ও সাধারণ যাত্রীদেরও দেখা গেছে কাস্টমস ও ইমিগ্রেশনের সামনে লাইন ধরে দাঁড়াতে।
এ বিষয়ে জাবের বর্ডার ক্রসিংয়ের দায়িত্বে থাকা জর্ডানের কর্নেল মোয়াদ আল জুবী বলেন, সিরিয়ার নিরাপত্তা ব্যবস্থা বর্তমানে খুব ভালো। আশা করি, এমন অবস্থা বজায় থাকবে।
সীমান্ত খুলে দেয়ার বিষয়ে আল-মামলাকা টিভিকে জর্ডানের বাণিজ্য ও শিল্পমন্ত্রী মাহা আল-আলী বলেন, দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি করাই এ সকল পদক্ষেপের মূল লক্ষ্য। এর মাধ্যমে সকল পক্ষই লাভবান হবে।
এদিকে সিরিয়াও চাইছে তার দক্ষিণাংশের (জর্ডান ও লেবানন) প্রতিবেশীদের সাথে ভালো বাণিজ্য সম্পর্ক রাখতে। এর মাধ্যমে গৃহযুদ্ধে বিধ্বস্ত অর্থনীতিকে পুনর্গঠিত করতে চায় সিরীয় কর্তৃপক্ষ।
সিরিয়ার সাথে জর্ডানের সীমান্ত খুলে দেয়ার মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত হয়েছে যে আরব দেশগুলো আবারো দেশটির সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে। যদিও কয়েক দশক ধরে চলা গৃহযুদ্ধের সময়ও তারা সিরিয়ার সাথে এমন সম্পর্ক চাইত না।
সূত্র : মিডল ইস্ট মনিটর






