ভারতের কেন্দ্রীয় সরকার বুধবার জানিয়েছিল পেট্রোল ও ডিজেলে লিটারপ্রতি যথাক্রমে ৫ ও ১০ টাকা শুল্ক হ্রাস করা হবে। যা কার্যকর হয়েছে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে।
এদিন সকালে কলকাতার বিভিন্ন জায়গায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৫.৮২ টাকা কমে দাঁড়িয়েছে ১০৪.৬৭ টাকায়। অন্যদিকে ডিজেলের দাম ১১.৭৭ টাকা কমে দাঁড়িয়েছে ৮৯.৭৯ টাকায়।
দিল্লিতে পেট্রোলের দাম ছিল লিটারপ্রতি ১১০ টাকার ওপরে। যা কমে ১০৫ টাকার আশপাশে গিয়েছে। অন্যদিকে ডিজেল ৯৮ টাকা থেকে কমে ৮৮ টাকা আশপাশে গিয়েছে।
কেন্দ্রের পক্ষ থেকে বিভিন্ন রাজ্য সরকারগুলোর কাছে ভ্যাট কমানোর আবেদন করা হয়েছে। সেই মতো ৯টি বিজেপি এবং এনডিএশাসিত রাজ্য সর্বোচ্চ লিটারপ্রতি ৭ টাকা করে জ্বালানির দাম কমিয়েছে।
ভারতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকা ছাড়িয়েছে অনেক আগেই। সম্প্রতি ডিজেলও দামে সেঞ্চুরি হাঁকিয়েছে। আর এই দুই জ্বালানির দামের ছেঁকায় পুড়ছে আমজনতার পকেট। জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে বিরোধী দলগুলো মোদি সরকারের বিরুদ্ধে বার বার সরব হয়েছে আগেও, এখনো এ বিষয়ে কেন্দ্রের ভূমিকাকে বিদ্ধ করছে তারা।
সামনেই বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন। জ্বালানির দাম নিয়ে আমজনতার ক্ষোভ যে সপ্তমে তা টের পাচ্ছে মোদির সরকার। এর প্রভাব যাতে ভোটে না পড়ে, তাই আগেভাগেই জ্বালানি তেলের শুল্ক কমাল কেন্দ্র। আমজনতাকে স্বস্তি দিতে বুধবারই পেট্রোল এবং ডিজেলের উপর থেকে উৎপাদন শুল্ক লিটারপিছু ৫ টাকা এবং ১০ টাকা কমিয়েছে কেন্দ্র সরকার।
সূত্র : ওয়ান ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকা















