তেত্রিশ.
লীনা বলল, এসব এলাকায় নেকড়ে কিংবা বন্য হাতি থাকাটা অস্বাভাবিক কিছু নয়।
আবিদ বলে, নেকড়ের ভয় করি না। আমার হাতের এই শাবলটাই যথেষ্ট। কিন্তু বন্য হাতির আক্রমণ ঠেকাব কী করে?
কমল বলে এটাই মন্দিরের ধ্বংসাবশেষ। ওই তো সামনে দেখতে পাচ্ছিস হেলে পড়ে আছে বিশাল এক মন্দির। কালের আবহে হেলে পড়ে আছে। খসে খসে পড়ছে এর গাঁথুনি। মন্দিরের পাশে এটা কী? কালো পাথরের এক স্তম্ভ পড়ে আছে মাটিতে। তিন বন্ধু এগিয়ে যায় স্তম্ভটির কাছে। তখনই তারা দেখতে পায় খোদাই করা অদ্ভুত প্রতীকগুলো। টর্চের আলো ফেলে তিন বন্ধু খুটে খুটে দেখছে কালো পাথরের গায়ে অঙ্কিত প্রতীকগুলো।
লীনা মিলিয়ে নেয়, তার হাতে আগে থেকে এঁকে রাখা প্রতীকগুলোর সাথে। হুবহু মিলে যাচ্ছে। লীনা বলছে, এই দেখ। আমরা গুগল ম্যাপে যে প্রতীকগুলো খুঁজে পেয়েছিলাম সেগুলোই এগুলো। কমল বলে, কী বুঝাতে চায় প্রতীকগুলো?
আবিদ বলে, সেটাই তো বের করতে হবে আমাদের। ওই দেখছিস নেকড়ের প্রতীকটা? নেকড়ের মুখ থেকে নিচে নেমে গেছে সর্পিলাকৃতির একটি চিহ্ন? কী ইঙ্গিত করছে এটি?
(চলবে)
