(গত দিনের পর)
নিজ ডেরায় পৌঁছে জাদুকর ম্যাকাউই বললেন, হে পুত্রবৎ শিষ্য আমার। এতকাল তোমাকে আমি যে বিদ্যা শিখিয়েছি এবং আমাকে যেভাবে তোমরা চিনেছ, সেসব ভুলে যাও আজ। এখানে আমি এক ভিন্ন কেউ। ভিন্ন রূপের এক অচেনা মানুষ বলে মনে হবে তোমার। আমার কোনো পুত্র নেই। তাই তোমাকেই আমি এখানে নিয়ে এসেছি নিজ পুত্রের মতো করে তোমাকে গুপ্তবিদ্যা শিখাব। দুনিয়ার সব গুপ্তবিদ্যা ও ম্যাজিক আমার জানা। সেই সব বিদ্যার গোপন সব রহস্য আমি তোমাকে শিখিয়ে যাবো। তারপর চিরবিদায় নিয়ে চলে যাবো আমি পৃথিবী ছেড়ে। ম্যাকাউই আরো বললেন, আমার এই গুপ্তবিদ্যার ডেরায় অবাধ স্বাধীনতা দিলাম তোমায়। যেখানে খুশি চলে যাও, যা কিছু দেখার সব দেখে নাও। আমার উত্তরসূরি তুমিই হবে, এই ডেরার মালিক।
আমার অর্জিত জাদুবিদ্যার সব কলা কৌশল আমি তোমাকেই শিখিয়ে যেতে চাই। এই ডেরার দায়িত্ব আজ আমি তোমার হাতেই তুলে দিলাম। হে পুত্রবৎ খেজানা, আশা করি, তোমার ওপর অর্পিত দায়িত্ব তুমি যথাযথভাবে পালন করবে। আমার মতো সব গুপ্তবিদ্যায় পারদর্শী হয়ে উঠবে।
(চলবে)
