আজ তোমরা জানবে ডিমনা হ্রদ সম্পর্কে। ডিমনা হ্রদ এলাকায় সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে। লিখেছেন লোপাশ্রী আকন্দ
ডিমনা একটি সুন্দর হ্রদের নাম। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ডালমা পাহাড়ের পাদদেশে এর অবস্থান। উপরে নীলাকাশ, নিচে স্বচ্ছ নীল জলরাশিÑ পাহাড়ের পটভূমিকায় হ্রদটি যেন এক স্বপ্নজগৎ।
সাপ্তাহিক ছুটির দিনে জামশেদপুর থেকে ডিমনা হ্রদে প্রমোদ সফর খুবই জনপ্রিয়। স্থানীয় ও বিদেশী সব শ্রেণীর পর্যটক এ সফর উপভোগ করে। ইস্পাত নগরী জামশেদপুর (টাটানগর) থেকে ১৩ কিলোমিটার দূরের হ্রদের ধারে যেতে বাস কিংবা ব্যক্তিগত গাড়িতে সময় লাগে প্রায় ৩০ মিনিট। এ হ্রদের কারণে পাটামদা ব্লকের মিরজাহিদ পঞ্চায়েতের গুরুত্ব অনেক বেড়ে গেছে। এ পঞ্চায়েতেই হ্রদটির অবস্থান।
হ্রদ হিসেবে পরিচিতি পেলে কী হবে, ডিমনা আসলে একটি বিশাল কৃত্রিম জলাধার। এটি নির্মাণ করেছে টাটা স্টিল। এ প্রতিষ্ঠানের প্ল্যান্ট (শিল্পোৎপাদন পদ্ধতিতে ব্যবহৃত যন্ত্রপাতি, কলকবজা, স্থাবর দ্রব্যসামগ্রী ইত্যাদি) এবং জামশেদপুরে পানি সরবরাহের জন্য জলাধারটি তৈরি করা হয়েছে।
ডিমনা হ্রদ এলাকায় সারাবছরই পর্যটকদের ভিড় লেগে থাকে। তবে শীতকালে এ ভিড় আরো বাড়ে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সবচেয়ে বেশি পর্যটক আসে। হ্রদের নীল পানিতে পারিপার্শ্বিক প্রকৃতির প্রতিফলিত রূপ মনকাড়ানিয়া। এ দৃশ্য পর্যটকরা খুবই উপভোগ করে।
বিশাল ডালমা পাহাড়ের মোহিনী রূপের ছটা ডিমনা হ্রদে মিশে যেন একাকার। স্বপ্নিল পরিবেশে এখানে পর্যটকরা নৌকা ভ্রমণের সুযোগ পায়। যন্ত্রের সাহায্যে পানির উপর উড়াল দেয়ার ব্যবস্থা আছে এখানে। এটি একটি জলক্রীড়া। জেট স্কিইং এর নাম।
তথ্যসূত্র : ওয়েবসাইট
