পনেরো.
তার সাথে খুনসুটি করে ক্লান্ত বাবু টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। দুপুরে মামী আসেন না। হয়তো আসবেন না জেনেও তার সব কাজ সময়মতো করিয়ে রাখার জন্য ফোনে আসার ভয় দেখিয়েছিলেন।
বিকালে মামী অফিস থেকে বাসায় আসেন। কোথায় বেড়াতে যাওয়ার তাড়া থাকায় আজ আর বকাবকির তেমন সুযোগ পান না। বাবুকে সাজুগুজু করাতে করাতে এবং নিজেও সাজতে সাজতে বকবক করতে থাকেন। বকাবকির বিষয় হলো মামার নারায়ণগঞ্জ যাওয়া। গাজীপুরে রিমির বিয়েতে যেতে হবে জেনেও কোন আক্কেলে সে নারায়ণগঞ্জ গেল এটাই তার বকবকানির বিষয়। আর যদি গেল তো সময়মতো কেন ফিরছে না এটা নিয়ে আক্ষেপ এবং মামার বুদ্ধিশুদ্ধি নিয়ে কটূক্তি।
বকাবকির মাঝেই মামা ফেরেন। মামীর ভয়ে তাড়াতাড়ি গোসল খাওয়া সেরে মামীর আগেই রেডি হয়ে নেন।
তারপর তিনজনে বেরিয়ে পড়েন গাজীপুরে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে।
যাওয়ার আগে মামী জানিয়ে যান যে রাত ১০টার আগেই তারা ফিরে আসবেন। ভয় পাওয়ার কিছু নেই। তাছাড়া তিনতলার কলাপসিবল গেট তো তালা লাগিয়েই দিয়ে যাচ্ছেন। আর কোনো বিপদ আপদ দেখলে যেন দোতলায় মিজান সাহেবকে ডেকে জানানো হয়। রিয়াজ বুঝতে পারে না কলাপসিবল গেট তালা লাগানো থাকলে সে কিভাবে দোতলার মিজান সাহেবকে ডাকবে। কিন্তু সে কিছুই বলে না। এই মহিলার সাথে তার কোনো কথাই বলতে ইচ্ছে করে না। তাছাড়া এই প্রথম নয়। এর আগেও এরা তাকে এভাবে রেখে তিনতলার কলাপসিবল লাগিয়ে বেড়াতে বেরিয়েছে। শিশুপার্ক, ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক, ওয়াটার ওয়ার্ল্ড না কিসব যেন আছে তাতে প্রতিসপ্তাহে বাবুকে নিয়ে একবার না একবার যাওয়া চাই। তারও খুব যেতে ইচ্ছে করে। কিন্তু ওই ইচ্ছে পর্যন্তই।
ওরা তালা লাগিয়ে নিচে নামতে নামতেই সে যেন হাফ ছেড়ে বাঁচে। যদিও যাওয়ার আগে হাজার গণ্ডা কাজের ফিরিস্তি চাপিয়ে দেয়া হয়েছে তবুও আপাতত কিছুক্ষণ জিরিয়ে নেয়া যাক। তাছাড়া রাতে ক্লান্ত হয়ে ফিরে এসে নিশ্চয় অত খুঁটিনাটি খোঁজ নেয়ার সময় পাবে না। ঘুমিয়ে পড়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে। (চলবে)
পনেরো.তার সাথে খুনসুটি করে ক্লান্ত বাবু টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। দুপুরে মামী আসেন না। হয়তো আসবেন না জেনেও তার সব কাজ সময়মতো করিয়ে রাখার...
