(গত দিনের পর)

হাসিবু তখন রাজার সৈন্যদলকে পথ দেখিয়ে নিয়ে যায় পাতালপুরীতে। রাজার সৈন্যদলকে দেখেই সর্পরাজ এগিয়ে এলেন এবং হাসিবুকে উদ্দেশ্য করে বললেন, ‘আমি বলেছিলাম না, একদিন তুমি ফিরে আসবে এবং আমাকে হত্যা করবে।’
হাসিবু সর্পরাজের কাছে গিয়ে হাত জোড় করে বলে, এই দেখুন সর্পরাজ নিওকা। এই দেখুন আমার পিঠ। চাবুক মেরে মেরে রক্তাক্ত করে ফেলেছে ওরা। তাদের কথা অমান্য করলে হয়তো আমাকে তারা চাবুকের আঘাতে আঘাতে মেরেই ফেলত। আমি টিকতে না পেরে, নিতান্ত নিরুপায় হয়ে তাদের নিয়ে এসেছি। আমাকে ক্ষমা করুন।
সর্পরাজ দেখলেন, হাসিবুর ক্ষতবিক্ষত পিঠ। শেষে বললেন, হু, তা হলে আমার আর জীবনের আশা রইল না। ঠিক আছে। তবে আমার একটি কথা শোনো হাসিবু। আরো কাছে আসো আমার। চুপি চুপি তোমাকে একটা পরামর্শ দিই। তা না হলে, তুমিও হয়তো মারা পড়তে পারো।
(চলবে)