জানো, সাগরের উপকূলেই কিন্তু দেশ-মহাদেশের জমির শেষ নয়। পানির নিচ দিয়ে সেসব জমি সিঁড়ির মতো ধাপে ধাপে নেমে গেছে সাগরের গভীর প্রদেশে। সাগরের নিচে মহাদেশের এ অংশের নাম মহীসোপান। এর বেশির ভাগ অংশেই পানির গভীরতা ১৮০ মিটারেরও কম। সাগরের মহীসোপানের গভীরতা প্রতি কিলোমিটারে প্রায় ৪ মিটার হারে বেড়ে চলে। তবে এ বৃদ্ধির হার সব জায়গায় একরকম নয়। ঢাল অঞ্চলে এই গভীরতা প্রতি কিলোমিটারে ৩০-৬০ মিটার করে বেড়ে মহাদেশের ঢাল গিয়ে পৌঁছায় মহাসাগরের গভীরতম তলদেশে। সাগরপৃষ্ঠের সাধারণত ৩০০ মিটার নিচে সূর্যের আলো পৌঁছায় না। কাজেই সে এক অজানা রহস্যময় অন্ধকারময় জগৎ।
সমুদ্র বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন, পৃথিবীর সাগরের গড়পড়তা গভীরতা প্রায় ৪ কিলোমিটার। তবে সব সাগর-মহাসাগর তো একরকমের গভীর নয়। গড় গভীরতায় সব সাগর-মহাসাগরের মধ্যে প্রশান্ত মহাসাগর বেশি গভীর। এর গড় গভীরতা ১৫ হাজার ২১৫ ফুট। এর পরই কিন্তু ভারতীয় মহাসাগর।