শুধু সাগর কেন, পৃথিবীর বুকে নীল তিমির মতো অত বড় আর কোনো প্রাণী নেই। একটা নীল তিমিকে বড় মাঠের মধ্যে শুইয়ে রাখলে সেটা প্রায় ৯তলা বিল্ডিংয়ের সমান উঁচু হবে। লম্বায় কম করে হলেও ১০০ ফুট তো হবে। ওজন হবে প্রায় ১০০ টন, যা কিনা প্রায় ২৫টা হাতির সমান! একটা নীল তিমি রোজ প্রায় ৪ টন খাবার খায়। ছোট ছোট মাছই ওদের খাবার। তবে একমাত্র মানুষ ছাড়া নীল তিমিকে কিন্তু খাওয়ার কেউ নেই। তাই বলে ভেব না, সব তিমিই অত বড়। সাগরে যত তিমি আছে তাদের মধ্যে নীল তিমিই হলো সবচেয়ে বড়, আর সবচেয়ে ছোট হলো স্পার্ম তিমি। একটি স্পার্ম তিমির দৈর্ঘ্য মাত্র সাড়ে আট ফুট থেকে ষাট ফুট। তিমি অত বড় প্রাণী হলেও ওরা কিন্তু দিব্যি স্বচ্ছন্দ্যে সাগরের পানিতে সাঁতার কেটে বেড়ায়, ভেসে থাকে; এমনকি অত বড় দেহ নিয়েও সাগরের পানিতে লাফিয়ে খেলা করে। স্থলচর কোনো প্রাণীর পক্ষেই ওদের মতো অত বড় দেহ নিয়ে চলাফেরা সম্ভব নয়, দেহের চাপেই পাগুলো গুঁড়িয়ে যাবে। কিন্তু ওদের কিছু হয় না। কেননা, সাগরে লবণ জলে প্লাবতার জন্যই অত বড় দেহটা অনায়াসে ভেসে থাকে।
