গত দিনের পর
কিন্তু না। কুকুরছানাটি যাচ্ছে না। সে সওদাগর পুত্রের পিছু পিছু হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর যাবার পর সওদাগর পুত্র দেখতে পায় আরেকটি অমানবিক দৃশ্য। একদল বালক একটি বিড়াল ছানাকে নিয়ে খেলছে। বালকদের কেউ কেউ ছানাটিকে ধরে ছুড়ে ফেলে দিচ্ছে নদীর জলে। বিড়ালের বাচ্চাটি অতি কষ্টে সাঁতরিয়ে কূলে আসছে। নাকানি চুবানি খাচ্ছে। ছেলেরা ধরে তাকে আবার ছুড়ে মারছে নদীতে। এভাবেই চলছে বিড়াল ছানার সাথে তাদের নিষ্ঠুর খেলা। এ দৃশ্য দেখে সওদাগর পুত্রের বড় মায়া হয়। আহারে, বিড়াল ছানাকে ওরা মেরেই ফেলবে দেখছি। সে ওই ছেলেদের কাছ থেকে একশ’ রৌপ্য মুদ্রার বিনিময়ে বিড়াল ছানাকে কিনে নেয়।
বিড়াল ও কুকুর ছানাকে নিয়ে আবার সে হাঁটতে শুরু করে। তার কাছে এখনো একশ’ রৌপ্য মুদ্রা বাকি আছে। সে হাঁটছে তো হাঁটছে। হাঁটতে হাঁটতে অনেক দূরে এক পাহাড়ের কোলে চলে এসেছে সে। (চলবে)
