আঙুলের ছাপের কথা বলছি। বিভিন্ন জায়গায় আঙুলের ছাপ নেয়া হয়। বলতে পারো এটি (আঙুলের ছাপ) কী?
সাধারণ অর্থে আঙুলের ছাপ বলতে বোঝায় কোনো কিছুর সাহায্যে নেয়া হাতের আঙুলের রেখাগুলোর নকশাকে। কালির সাহায্যে এ ছাপ নেয়া যায়। যন্ত্রের সাহায্য বা অন্যভাবেও এ ছাপ নেয়া যায়। আঙুলের সাহায্যে কোনো কিছু ধরলে এমনিতেই তাতে ছাপ পড়তে পারে। একজন মানুষের আঙুলের ছাপের সাথে অন্য কোনো মানুষের আঙুলের ছাপের মিল নেই। এটি এমনই বিস্ময়ের ব্যাপার যে, পিতা-পুত্র বা যমজ ভাইদের আঙুলের ছাপেরও মিল নেই। জন্মের সময়ই মানুষের আঙুলের চামড়ার ওপর নকশা থাকে। আজীবন এ নকশা অটুট থাকে- কোনো পরিবর্তন হয় না।
তোমরা হয়তো জানো, আঙুলের ছাপ কোনো ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার কাজে ব্যবহার করা যায়। তাই চোর, ডাকাত বা অপরাধী শনাক্ত করার জন্য আঙুলের ছাপ কাজে লাগে। আমেরিকার ফেডারেল ব্যুরো অব ইনভেসটিগেশন সংস্থা সবচেয়ে বেশি আঙুলের ছাপ সংগ্রহ করেছে। আমাদের দেশেও বিভিন্ন কাজে আঙুলের ছাপ সংগ্রহ করা হয়। বিভিন্ন দলিল, জাতীয় পরিচয়পত্র ইত্যাদিতে এ ছাপ প্রয়োজনীয়। আঙুলের ছাপকে সাধারণত খিলানজাতীয়, ফাঁসের মতো, চাকার মতো ও সংযুক্ত- এই চার ভাগে ভাগ করা যায়।