(গত দিনের পর)
কিভাবে আংটি উদ্ধার করা যায় সেটি নিয়ে বুদ্ধি বের করতে হবে। বিড়ালের সাথে কথা শেষ করে সাপ আবার গর্তে গিয়ে লুকিয়ে থাকে।
রাত যখন গভীর, নাগপুত্র গর্ত থেকে বের হয়। ততক্ষণে কুকুর ও বিড়াল গর্তের কাছেই বসে ছিল সাপের অপেক্ষায়। বড় বৃক্ষটির গুঁড়ির কোণে বসে বিড়াল, কুকুর ও সাপ পরস্পর শলা পরামর্শ করে।
বিড়াল বলে, শ্রী আংটি কিভাবে উদ্ধার করব? রাক্ষুসী বুড়ি সেদিন আংটিটি মুখে নিয়ে টুক করে গিলে ফেলেছে। রাজপুত্রের চাওয়া রূপের কন্যাকে এখানে নিয়ে আসার পর শ্রী আংটিটি আবার নিজের কাছে নিয়ে নেয় রাক্ষুসী। নিয়েই মুখে দিয়ে ঢুক করে গিলে ফেলে সে। তারপর বলে, নে, এখন এই আংটির সন্ধান কেউ পাবে না আর। রূপের কন্যা চিরদিন তোরই থেকে যাবে দাদুভাই। এ কথা বলে হি: হি: করে হাসে কিছুক্ষণ। তারপর বলে, ওগো নাতি আমার, এবার আমি বাড়ি যাই। এক মাস পরে এসে তোদের বিয়ে খেয়ে যাবো।
(চলবে)