(গত দিনের পর)
এমন অপ্রত্যাশিত কথা শুনে সবাই হতবাক। সবাই তাজ্জব হয়ে শুনছে ডাম্পলিংওয়ালার কথা। এখন ভুল বুঝতে পারছে সবাই। কী অবিবেচকের মতো তারা নিজের উদর পূর্তি করেছে। কেউ বৃদ্ধের কথা একটুও ভাবেনি! কী লজ্জা, ছি ছি, কী লজ্জা! এ কথা ভেবে অনুতাপে মরে যাচ্ছে সবাই। চেহারা সবার মলিন হয়ে গেছে। মনে মনে সবাই এখন ক্ষমাপ্রার্থী। তরুণ ছেলেটি তাদের সবার চোখ খুলে দিলো।
বৃদ্ধলোকটি এবার সবার উদ্দেশে বলেন, শোন হে মানুষ সকল। পাহাড়ের অপর প্রান্তে আমার সাধনালয়, আমার আশ্রম। সেখানে আমি সারাক্ষণ ধ্যানে মগ্ন থাকি। পৃথিবীর সব প্রাণী-পশু-পাখি ও মনুষ্যকুলের মঙ্গলের জন্য সর্বদা প্রার্থনা করি। তাদের জন্য প্রভুর কাছে ক্ষমা চাই। আমার জীবন তো শেষের পথে। ঘাটের কিনারে তরী চলে এসেছে। আমার এখন যাবার পালা। পৃথিবী থেকে বিদায় নেয়ার আগে আমার সব বিদ্যা একজনকে দিয়ে যেতে চাই। আর তাই, খুঁজে বেড়িয়েছি এতদিন আমার ছাত্রকে। আজ তাকে খুঁজে পেয়েছি। (চলবে)
