আজ তোমাদের বলব একটি ছদ্মবেশী পোকার কথা, পাতাপোকার কথা। জানো , পৃথিবীতে রয়েছে বিভিন্ন ধরনের পোকা। এগুলোর মধ্যে একধরনের পোকা, গাছ-পাতা খেয়ে ক্ষতি করে। আবার একধরনের পোকা, এসব পোকাকে শিকার করে খায়। এ কারণে গাছখেকো পোকারা তাদের শত্রুর হাত থেকে বাঁচার জন্য ছদ্মবেশ ধারণ করে। সব পোকা ছদ্মবেশ ধারণ না করলেও পৃথিবীতে অনেক পোকাই তা করে। তেমনি একটি পোকা হলো পাতাপোকা। ইংরেজিতে এদের বলা হয় লিফ ইনসেক্ট।
পাতাপোকার দেহের গড়ন এমন যে গাছে থাকলে তাদের সে গাছের সবুজ পাতা বলেই মনে হয়। এদের কিছু প্রজাতির দৈহিক গড়ন আবার এতই নিখুঁত যে তাদের দেহের কিনারা দেখলে মনে হয় যেন কোনো পোকায় খানিকটা অংশ খেয়ে গেছে। শত্রু পোকাদের বিভ্রান্ত করার এ এক চমৎকার কৌশল বটে।
এমনকি তারা চলাচলের সময়ও একটু সামনে আবার একটু পিছে- এভাবে চলে। ফলে সেসব পোকাকে দেখে মনে হয় যেন বাতাসে গাছের পাতা দুলছে। দারুণ, তাই না?