(গত দিনের পর)
খয়েরি শালিকটি আর কিছু ভাবে না। সে কুয়োর কিনারা থেকে দুই পাখা মেলে নিচে ঝাঁপ দেয়। একেবারে ডিগবাজির মতো করে নিচে নেমে আসে সে ব্যাঙের কাছে। তারপর বলে, আজ তোমাকে উপরে নিয়ে যাবো। উপরের জগৎটাকে দেখিয়ে ফের দিয়ে যাবো তোমায় এখানে।
পাতকুয়োর ব্যাঙ বলে, না না। আমি উপরে যাবো না। আমাকে তুমি জোর করো না। এমন সুন্দর জগৎ ছেড়ে আমি আর কোথাও যাবো না। তোমাদের উপরের জগতটা ছোট্ট, পচা। আমি যাবো না। তুমি চলে যাও, চলে যাও তুমি।
কিন্তু শালিক পাখিটা কোনো কথাই শোনে না। সে তার দুই ঠোঁট দিয়ে পাতকুয়োর ব্যাঙটাকে ধরে ফেলে। ঠোঁটের চিপায় পড়ে ছোট্ট ব্যাঙটি হাত-পা ছুড়তে থাকে। মুখে ঘড় ঘড় শব্দ করে। তারপর চিৎকার দিয়ে বলে, না না, আমি যাবো না। আমাকে ছেড়ে দাও। আমার সুন্দর জগত ছেড়ে কোত্থাও যাবো না আমি। তুমি ফিরে যাও। আমার বাড়ি আর আসবে না তুমি। তুমি দুষ্টু। ছেড়ে দাও আমায়। তুমি বড্ড পাজি। (চলবে)