(গত দিনের পর)
নীল সাগরের জল চিড়ে এগিয়ে চলছে জাহাজটি। ক্যাপ্টেন নাসোসের জাহাজ। সু-উচ্চ মাস্তুলে তার শতেক পাল। পালগুলো বাতাসে ফুলে ফেঁপে ডলফিনের পিঠের মতো টান টান হয়ে আছে। সাগরের নীল জলকে দুই পাশে ঠেলে দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে সে। সাগরের উন্মুক্ত খোলা বুক। নিশ্চল শান্ত বিষাদময় জলে কোনো উন্মাদনা নেই। একেবারে শান্ত সাগর, যেন ঘুমিয়ে পড়েছে। সেই শান্ত ঘুমন্ত নীল জল দুই ফালি করে চিড়ে সামনে এগিয়ে যাচ্ছে জাহাজটি। এগিয়ে যাচ্ছে সে পশ্চিম দিগন্তের দিকে। ভেস্তেসা নামের শহর থেকে বহু মূল্যবান পণ্য কিনে এনেছে জাহাজটি। পেট ভরা পণ্য নিয়ে এগিয়ে যাচ্ছে পশ্চিমে, সিসিলি দ্বীপের দিকে। সেখানে আরো বেশি দামে বিক্রি হবে পণ্যগুলো। জাহাজ এগিয়ে চলছে সামনে, আরো সামনে, অতলান্তিকের নীল জল ভেদ করে দিগন্তের ওপাড়ে। (চলবে)